ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে সপ্তম মার্কিন সেনা হিসেবে ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন এন পেনিংটনের মৃত্যু হয়েছে। ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর রবিবার পেন্টাগন নিশ্চিত করেছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
কেন্টাকির গ্লেনডেলের বাসিন্দা পেনিংটন কলোরাডোর ফোর্ট কারসনের ফার্স্ট স্পেস ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড রবিবার এই মৃত্যুর খবর প্রকাশ করলেও প্রথমে তাঁর পরিচয় জানাননি। পরে সোমবার জানানো হয়, পেনিংটন ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
ইউএস আর্মি স্পেস অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল শন এ গেইনি তাঁর আত্মত্যাগকে বীরত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “পেনিংটন তাঁর দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং তাকে সর্বদা বীর হিসেবে স্মরণ করা হবে।”
মরণোত্তর পেনিংটনকে স্টাফ সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হবে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং চলমান সংঘাতের ভয়াবহতা তুলে ধরেছেন। হামলার ঘটনা নিয়ে বর্তমানে মার্কিন প্রশাসন আরও তদন্ত চালাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান








