জ্বালানি তেল সরবরাহ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বাড়তি চাহিদা অনুযায়ী সব ক্ষেত্রে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে কিছু এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
জ্বালানি তেল বিপণন কোম্পানির সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
দেশের এসব জ্বালানি তেল ডিপো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআইভুক্ত) হওয়ায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোর উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।








