ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ।
এর ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসটিএফ জানায়, ঢাকায় শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর ফয়সাল ও আলমগীর পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সম্প্রতি বনগাঁ এলাকায় এলে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর এসটিএফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে।
তবে পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের দাবি, বনগাঁ এলাকায় তাদের প্রকৃতপক্ষে গত বছরের ২৯ ডিসেম্বরই গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
বাংলাদেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, অভিযুক্ত দুজন আগেই গ্রেপ্তার বা আটক ছিল—এমন তথ্য তাদের কাছেও ছিল।








