Editorial News 24

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি: আনোয়ারুল ইসলাম

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর আনুষ্ঠানিক চিঠি আজই পেতে পারে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চিঠি পেলেই নির্ধারিত সূচি অনুযায়ী কার্যক্রম শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে প্রায় দুই দশক পর আবার সরকার গঠন হতে যাচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন