কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের কারণে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে তাঁর একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে আয়োজিত একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় এলে এবং ভোটাররা অন্য দলে ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না, এমনকি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
তবে মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, ভিডিওটি কেটে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।








