গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের প্রচারণায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গীতে জড়ো হন। কর্মসূচিকে বর্ণাঢ্য করতে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দগ্ধ ব্যক্তিরা এদিক-ওদিক ছুটতে থাকেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের স্বজনদের ভিড় জমে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিসা শারমিন বলেন, দগ্ধ অবস্থায় একাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। অন্য কোনো কারণ বা নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতারা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার বিষয়টি তদারকি করেন।








