এক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) নতুন ঘোষণা করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে—
- ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা
- ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদের কারণে মজুরির তারতম্য হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ২৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১০ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।








