১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ সিদ্ধান্ত দেন।
বাকি দুই আসামি হলেন— শফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী, রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া, আদালতে হাজির করে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেপুর রহমান।
মামলা অনুসারে, ১১ বছরের ওই শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। শিশুটির বাবা মোস্তফা থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় চারজনকে।








