পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহযোগিতা না করায়, বিলুপ্ত হওয়া গলাচিপা ও দশমিনা উপজেলার বিএনপি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, গলাচিপা উপজেলা বিএনপির ২১ সদস্যের নতুন কমিটিতে সাবেক উপজেলা সভাপতি গোলাম মোস্তফা আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেছেন। দশমিনা উপজেলা বিএনপির ১৬ সদস্যের কমিটিতে সিদ্দিক আহম্মেদ মোল্লা আহ্বায়ক এবং বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম শানু সদস্য সচিব মনোনীত হয়েছেন।
এছাড়া, গলাচিপা পৌর বিএনপির আংশিক কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। সাবেক পৌর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান আহ্বায়ক এবং সাহেব আলী মাতাব্বর সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে, ভিপি নুরের পক্ষে সক্রিয় ভূমিকা না রাখার অভিযোগে গত ১৭ জানুয়ারি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ফলে ওই তিনটি ইউনিট ১৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত কমিটি ছাড়া অবস্থায় ছিল।
নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, “বিএনপি আমাকে পটুয়াখালী-৩ আসনে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। গলাচিপা ও দশমিনা উপজেলার নেতাদের মাঠে কাজ করার নির্দেশনা দলের চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর পক্ষে কাজ করেননি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য পূর্ববর্তী কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির দায়িত্ব জোট প্রার্থীকে বিজয়ী করা।”
তিনি আরও বলেন, “দলীয় সিদ্ধান্ত মেনে যারা জোট প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। আমার আহ্বান থাকবে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো দ্রুত পুনর্গঠন করবেন। যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বা কষ্ট দিয়েছেন, তারা যেন নতুন কমিটিতে কোনোভাবেই দায়িত্ব না পান। এ বিষয়ে আমরা সতর্ক থাকব।”








