রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রী রহস্যজনকভাবে মারা গেছেন। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় ছিলেন। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিহত নারীকেই মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম রওশন আরা (৫০) এবং তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৫৫), যিনি কামাল মালিক নামে সাংবাদিকতা করেন। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কাজ করছেন। তারা নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরা মৃত অবস্থায় পাওয়া গেছে। তার গলায় একটি কাপড় পেচানো ছিল। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম রয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মেঝেতে রওশন আরা এবং বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল পৌঁছেছি। কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন, হাত ও পায়ে জখম রয়েছে, তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।”
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান আরও জানান, “ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন উপস্থিত রয়েছে। তারা তদন্ত শুরু করেছেন। ঘটনা কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি।”








