আসন্ন গণভোটে দলীয় পরিচয় ভুলে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, রংপুর শহীদ আবু সাঈদের রক্তে ভেজা পবিত্র ভূমি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে সাধারণ মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হবে। নিশিরাত ও ডামি নির্বাচনের সময় শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে গরিব অঞ্চল বলা হলেও এটি সম্ভাবনাময় এলাকা। রংপুরকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বিএনপির। কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ড চালু করে এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও জানান তিনি।
জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা কী?” জবাবে জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।








