রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি সাজিয়ে ৯ যুবক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও আরও ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এ আবেদন জমা দেয়। মামলায় পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশন জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে ৯ জনকে আটক করে কয়েক মাস পরে জাহাজ বাড়িতে এনে জঙ্গি সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের অপারেশনে হত্যা করা হয়েছিল। নিহতরা কেউ জঙ্গি ছিলেন না।








