ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অজিত পাওয়ারসহ উড়োজাহাজের দুই পাইলট ও আরও দুজন মিলিয়ে মোট পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বোম্বার্ডিয়ার লিয়ারজেট–৪৫ মডেলের ওই বিজনেস জেটটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পর বারামতীতে নামার সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
ইন্ডিয়া টুডের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। জরুরি অবতরণের প্রয়োজন কেন দেখা দিয়েছিল এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
জানা গেছে, অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।








