যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে। এবার সরাসরি বিশ্বকাপ বয়কটের আহ্বান দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ঘাটতিকে এ আহ্বানের প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন।
ব্লাটার ভক্তদের জন্য পরামর্শ দিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়া এড়িয়ে স্টেডিয়ামে বসার চেয়ে টেলিভিশনে খেলা দেখাই নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। তিনি এক্সহ্যান্ডেলে দেওয়া পোস্টে সুইস আইনজীবী মার্ক পিথের সাম্প্রতিক সাক্ষাৎকারের সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহত হওয়ার ঘটনা সমর্থকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন পিথ। আরও সম্প্রতি আরও এক মার্কিন নাগরিক, অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।
এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ এবং সুইস আইনজীবী মার্ক পিথও বিশ্বকাপ বর্জনের বিষয়ে কথা বলেছেন। গটলিশ মন্তব্য করেছেন, “এবার বিশ্বকাপ বয়কট নিয়ে ভাবার সময় এসেছে।”
শুধু ব্লাটারের আহ্বানই নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভিসা নীতি ও বিভিন্ন নিষেধাজ্ঞা সমর্থকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকরা নিষেধাজ্ঞার তালিকায় থাকছেন। এছাড়া ইরান ও হাইতির সমর্থকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা রয়েছে।








