আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তায় নতুন মোড় দেখা দিয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা জানানোয় গত শনিবার বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।
তবে পরিস্থিতি আবার বদলাতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের সামনে ফের বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে পাকিস্তানের স্থলাভিষিক্ত করা হবে।
প্রতিবেদনে এক আইসিসি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পাকিস্তান সরে দাঁড়ালে বিসিবির দাবির ভিত্তিতে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে। এতে লজিস্টিক ব্যবস্থাপনা তুলনামূলক সহজ হবে।
এখন পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সম্ভাবনা। এই খবর প্রকাশের পর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বিসিবি।
এদিকে পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ বয়কট করে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে তারা। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপ নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়ার ঝুঁকি রয়েছে পাকিস্তানের।








