Editorial News 24

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ সদস্যের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ নির্বাচনকে ঘিরে বিদেশি বন্ধুরাও আগ্রহী এবং এই সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তারা আত্মবিশ্বাসী। এজন্য তারা প্রয়োজনীয় সব ধরনের সমর্থনও দিচ্ছেন।

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চাপ না থাকার ব্যাখ্যায় তিনি বলেন, অতীতে গুম, খুন ও ভয়াবহ দুর্নীতির যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, তা আন্তর্জাতিকভাবেই পরিচিত। এ কারণে তাদের পক্ষে কেউ সুযোগ দেওয়ার কথা বলছে না। বরং অনুতপ্ত হয়ে ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগ নিজেরাই সে সুযোগ হারিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতির বাইরে আর কিছু করতে পারে না। তাদের কর্মসূচিতে এখন সাধারণ মানুষের অংশগ্রহণ নেই। যারা অবৈধ অর্থ নিয়ে বিদেশে পালিয়েছেন, তারাও জানেন তাদের নেত্রী আর দেশে ফিরবেন না।

এ সময় তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে অপশাসন দূর করতে এবং ভবিষ্যতে যেন আর স্বৈরাচারের জন্ম না হয়, সে জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোহাম্মদ আরজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।