ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এই হত্যাকাণ্ড সম্পর্কিত আরও একটি নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, যা তদন্তকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, “নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট। ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মুসাব্বির হত্যার প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন এবং দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় দুর্বৃত্তরা সাবেক এই নেতাকে গুলি করে আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








