জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে এখন পর্যন্ত ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম রাকিবের তুলনায় ৪৩১ ভোটে এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব কেন্দ্রের ফলাফল প্রকাশ করে। নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ যৌথভাবে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৮ কেন্দ্রের ফল ঘোষণা করেন।
ঘোষিত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩৭২৯ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব সংগ্রহ করেছেন ৩২৯৮ ভোট।
এছাড়া জিএস ও এজিএস পদেও ছাত্রশিবির সমর্থিত প্যানেল মোট ভোটে এগিয়ে রয়েছে। জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৩৮৪২ ভোট, আর ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৪৬৫ ভোট। তবে এই হিসাব থেকে অর্থনীতি বিভাগের ভোট বাদ রাখা হয়েছে।
এজিএস পদে ছাত্রশিবিরের মাসুদ রানা ৩৩৩৭ ভোট পেয়ে লিডে আছেন। একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২৯৩৯ ভোট।
ভোটের ফলাফল ঘোষণার শুরু থেকেই দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। প্রথম ২২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছিলেন ছাত্রদল সমর্থিত রাকিব। কিন্তু পরবর্তী কেন্দ্রগুলোর ফল ঘোষণার পর ব্যবধান কমিয়ে লিড নেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম।
বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার পর চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








