জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে শীর্ষে রয়েছেন আবদুল আলীম আরিফ।
আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশনাররা। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ভিপি পদে পেয়েছেন ১ হাজার ৪৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪৩৭ ভোট নিয়ে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী আবদুল আলীম আরিফ। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও লড়াই জমজমাট। এ পদে ১ হাজার ৩৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১ হাজার ১৬০ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য বিভাগ ও কেন্দ্রগুলোর ফলাফল গণনার কাজ চলছে। ধারাবাহিকভাবে সেসব ফলও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মার্কেটিং, অনুজীব বিজ্ঞান, দর্শন, বায়োকেমিস্ট্রি, প্রাণীবিদ্যা বিভাগ এবং চারুকলা অনুষদের কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করছেন।








