জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। জানা গেছে, মাহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং হিজাব ও নিকাব পরিহিত ছিলেন। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখে পরিচয় জানতে চেয়ে মাস্ক খুলতে বলেন।
ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম। তখন ছাত্রদলের ভাইরা এসে আমাকে হেনস্তা করে। আমার সঙ্গে আমার একজন আত্মীয়ও ছিল। আমি হিজাব পরিহিত থাকায় তারা আমাকে মাস্ক খুলতে বলেছিল।”
এ বিষয়ে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “তিনি আমার স্ত্রী এবং আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। সকাল থেকেই ছাত্রদল গেটের বাইরে ধাক্কাধাক্কি শুরু করে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা ‘মব’ সৃষ্টি করেছিল, যা মোটেই কাম্য নয়।”
জবি ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি নজরে আসার পর তা সমাধান করা হয়েছে।








