Editorial News 24

আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা
Picture of Desk Reporter

Desk Reporter

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজকে পেতে কেকেআর ব্যয় করেছে ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপি।

তবে মুস্তাফিজকে দলে নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের জন্ম দিয়েছেন উত্তর প্রদেশের ক্ষমতাসীন বিজেপির নেতা সঙ্গীত সোম। তিনি শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দেন।

বুধবার মেরঠে এক জনসভায় ক্ষোভ প্রকাশ করে সঙ্গীত সোম বলেন, বাংলাদেশের একজন ক্রিকেটারকে কেকেআরে খেলানোর জন্য শাহরুখ খান বিপুল অর্থ ব্যয় করেছেন। তিনি দাবি করেন, “গাদ্দার শাহরুখের এই দেশে বসবাস করারই কোনো অধিকার নেই।”

তিনি আরও বলেন, শাহরুখ খান যে অবস্থানে পৌঁছেছেন, তা এই দেশের মানুষের সমর্থনেই সম্ভব হয়েছে। এই দেশের মানুষই তাকে অর্থ ও খ্যাতি দিয়েছে, অথচ তিনি দেশের সঙ্গে গাদ্দারি করছেন বলে অভিযোগ করেন সোম। এমনকি মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হবে—এমন মন্তব্যও করেন তিনি।

একই সুরে মন্তব্য করেছেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর। এক গণমাধ্যমে তিনি শাহরুখ খান ও কেকেআর কর্তৃপক্ষকে উদ্দেশ করে মুস্তাফিজকে না খেলানোর আহ্বান জানান।

এদিকে সঙ্গীত সোমের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা মাতা প্রসাদ পান্ডে ও কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। তাদের দাবি, শাহরুখ খান মুসলিম বলেই তাকে দেশদ্রোহী বলা হচ্ছে। তারা পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপিই দেশদ্রোহী আচরণ করছে।

বিজেপির শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, আলোচনায় থাকার জন্যই এ ধরনের উসকানিমূলক মন্তব্য করছেন সোম।

উল্লেখ্য, সঙ্গীত সোম দীর্ঘদিন ধরেই নানা বিতর্কে জড়িয়ে আছেন। ২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গায় তার জড়িত থাকার অভিযোগ ওঠে। পরবর্তীতে তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। এছাড়া ২০১৬ সালে কৈরানা ইস্যু ও ২০১৭ সালে তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন