বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি এবং দেশে মোবাইল ফোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই শুল্কছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে যেখানে শুল্ক ছিল ২৫ শতাংশ, এখন তা কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাট মিলিয়ে মোট করের হার কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪৩ শতাংশে, যা আগে ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ।
একই সঙ্গে দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন সংযোজনের জন্য যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে বলে জানান তিনি।








