জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।
দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।’
এদিকে, শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরেন তিনি। পোস্টে তাসনিম জারা বলেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে তার স্বপ্ন ছিল কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে অঙ্গীকার তিনি করেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বাস্তবতা তুলে ধরে জারা বলেন, কোনো দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র হিসেবে এসব সুবিধা না থাকায় তার একমাত্র ভরসা সাধারণ মানুষ।
নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামীকাল থেকেই এ স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা সবার সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া পূর্বে নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যারা অনুদান দিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থার কথাও জানান তাসনিম জারা। তিনি বলেন, যারা টাকা ফেরত পেতে চান, যাচাই-বাছাই শেষে তাদের অনুদান ফেরত দেওয়া হবে।
শেষে তিনি বলেন, সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই তিনি জনগণের সমর্থন প্রত্যাশা করছেন।








