ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দূরত্ব নিয়েও হয়েছে ব্যাপক আলোচনা। তবে সব জল্পনা–কল্পনার মাঝে নিজেদের উপস্থিতিতেই যেন উত্তর দিলেন তারা। নতুন একটি ছবিতে এক ফ্রেমে ধরা দিলেন সৃজিত, মিথিলা ও তাদের মেয়ে আইরা।
সম্প্রতি দেশের বাইরে ঘুরতে গিয়ে তোলা সেই ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নীল–সাদা আকাশের নিচে দাঁড়ানো ওই ফ্রেমে তিনজনকেই দেখা গেছে বেশ উচ্ছ্বসিতভাবে। মিথিলার কালো ওভার কোর্ট, সৃজিতের কালো পোলো শার্টের ওপর লাল জ্যাকেট আর আইরার নেভি ব্লু শীতের পোশাক পুরো ছবিটিকে দিয়েছে একসঙ্গে সময় কাটানোর উষ্ণতা ও স্বস্তির অনুভূতি।
মাস দু’য়েক আগে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলার কাছে সৃজিতের সঙ্গে তার সম্পর্কের বর্তমান অবস্থান জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” সৃজিত এখনও তার স্বামী কি না—এমন প্রশ্নে তিনি জবাব দেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।”
দীর্ঘদিন ধরে সৃজিত কলকাতায় এবং মিথিলা ঢাকায় থাকার কারণ জানতে চাইলে মিথিলা বলেন, “২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যাইনি। আমার ভিসা নেই।”
উল্লেখ্য, মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেছিলেন। ২০১৭ সালের জুলাইয়ে বিচ্ছেদ হয় সেই দাম্পত্যের। পরবর্তীতে ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।








