ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। এতে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি হল খালি করার বিষয়ে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
সভায় ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত অনুযায়ী, আবাসিক হলসমূহের ঝুঁকি মূল্যায়ন ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে তা খালি করা জরুরি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে।








