রাশিয়ার উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক শহরের কাছে কোপেইস্কে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন, জানিয়েছে সংবাদ সংস্থা তাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টমাস সামরিক প্ল্যান্টে বিস্ফোরণের সময় আগুনের শিখা দেখা গেছে। চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার বলেন, বিস্ফোরণের পরপরই জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে কমান্ড সেন্টার স্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেন, শহরের বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।
গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে, যেখানে অন্তত তিনজন নিহত হন। রাশিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাশকোরতোস্তান অঞ্চলের স্টারলিটামা এলাকার ‘আভানগার্ড’ কারখানাটি অস্ত্র ও গোলাবারু উৎপাদন করত, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হতো। উল্লেখ্য, এক মাস আগে একই অঞ্চলে একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।








