৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবারো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে জিততে মরিয়া লস ব্লাঙ্কোস, সান্থিয়াগো বার্নব্যুতে বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশি সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
দু’দল, দুটি ভিন্ন গল্প। একপাশে ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ, আরেক পাশে ইতালির ঐতিহ্য ও গৌরবের প্রতীক জুভেন্টাস। তৃতীয় রাউন্ডের এই ম্যাচে শক্তি ও সামর্থ্যে এগিয়ে রিয়াল। তবে পরিসংখ্যান প্রায় সমান: মোট ২১ ম্যাচে রিয়ালের ১০ জয়, জুভেন্টাসের ৯ জয়।
রিয়ালের ডাগ আউটের মাস্টারমাইন্ড শাবি আলোনসো জানান, ‘জুভেন্টাস এমন একটি বিশেষ দল যারা ইউরোপীয় ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা তাদের মুখোমুখি হতে প্রস্তুত। তৃতীয় রাউন্ডে জয় ছাড়া আর কিছু ভাবছি না।’ আক্রমণে রিয়ালের বড় শক্তি কিলিয়ান এমবাপ্পে, ভিনি, বেলিংহ্যাম এবং মাস্তানতুনো, মিডফিল্ডে দায়িত্বে কামাভিঙ্গা ও চুয়ামিনি। জুভেন্টাসের কৌশলী আক্রমণ ঠেকাতে আলভা মিলেতাওকে ডিফেন্সে নির্ভুল থাকতে হবে।
অন্যদিকে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস কৌশলী ফুটবলে বিশ্বাসী। ডাগআউটে নতুন কোচ ইগোর তিউডর। ডিফেন্সিভ ফুটবলের সঙ্গে পাল্টা আক্রমণে চমক দেখাতে পারদর্শী এই কোচ।
ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে ইউরোপীয় ফুটবলপ্রেমী ও দুই দলের ভক্তরা।








