ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন। বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে ফুটবলের পেশাদার কেরিয়ারে আরও এক ধাপ এগোলেন ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানিনহো। তিনি তুরস্কের বিপক্ষে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, যা ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আনাতালিয়ায় অনুষ্ঠিত হবে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিস্টিয়ানিনহোকে ২২জন খেলোয়াড়ের দলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে তিনি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। মে মাসে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে অভিষেকের সময় ফাইনালে স্বাগতিক দলের বিপক্ষে জোড়া গোল করে নজর কাড়েন তিনি। ওই টুর্নামেন্টে তিনি তার বাবার বিখ্যাত ‘৭ নম্বর জার্সি’ পরে লেফট উইঙ্গার হিসেবে খেলেছিলেন, ঠিক যেমনভাবে রোনালদো তার ক্যারিয়ার শুরু করেছিলেন।
বর্তমানে ক্রিস্টিয়ানো জুনিয়র সৌদি ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। এখন তিনি পর্তুগাল জাতীয় দলের ডাক পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।








