বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে বৈঠকে বসেছে। বৈঠকে প্রধানত দেশে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক দলের অবস্থান নিয়ে আলোচনা করা হচ্ছে।
বৈঠকে বিএনপির পক্ষে অংশগ্রহণ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ড. মাহাদী আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস) এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রাম সিনিয়র ফেলো লিসা কার্টিস। দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআই’র প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।
বৈঠকে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হচ্ছে। বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।








