২২৩ দিনের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠে ফিরেই জানালেন, তিনি এখন আগের যেকোনো সময়ের চেয়েও বেশি ফিট ও মানসিকভাবে প্রস্তুত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক আলাপচারিতায় কোহলি বলেন, গত ১৫ বছরে বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের একজন তিনি। তাই দীর্ঘ বিরতি তার শরীর ও মন—দুটোকেই পুনরুজ্জীবিত করেছে।
কোহলি বলেন, ‘সত্যি বলতে, গত ১৫–২০ বছরে আমি এত ক্রিকেট খেলেছি যে প্রকৃত অর্থে বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। এই সময়টা আমার জন্য একদম সতেজ হওয়ার সময় ছিল। এখন আমি আগের চেয়ে অনেক বেশি ফিট, কারণ মানসিকভাবে আমি জানি মাঠে কী করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই বয়সে এসে বুঝেছি—শরীর ফিট থাকলে প্রতিক্রিয়াশক্তি ও খেলার বোধ বজায় থাকে। আমি সেই ভারসাম্যই রাখছি। এখন কোনো সমস্যা নেই—অস্ট্রেলিয়ায় এসে ফিল্ডিংয়ে, নেটে, সব জায়গায় ফুরফুরে লাগছে।’
যদিও প্রত্যাবর্তনের ম্যাচে কোহলির ব্যাটে রান আসেনি—অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি মাত্র সাত বলে শূন্য রানে আউট হন। তবু অনেকে মনে করছেন, এই সতেজতা ও আত্মবিশ্বাস হয়তো তার নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে।








