রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ৫০ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ভবনের বিভিন্ন অংশ থেকে এখনও ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনে গনমাধ্যমকে জানিয়েছে, বিষাক্ত গ্যাস ছড়ানোর আশঙ্কায় আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে, সাধারণ মানুষের প্রবেশও সীমিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ভবনের ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় আগুন বারবার জ্বলে উঠছে, ফলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে আছে। সিআইডির ফরেনসিক ইউনিট স্বজনদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে পরিচয় শনাক্তের জন্য। তবে কবে মরদেহ হস্তান্তর করা হবে— তা এখনো অনিশ্চিত, যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।
ঢামেক সূত্রে জানা গেছে, বুধবার ছয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং বাকি ১০টি বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আংশিক নিয়ন্ত্রণে আনে আগুন। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আগুনের ঘটনায় নিহতদের প্রতি পরিবারের জন্য ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপি।








