জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ইসির জনসংযোগ অধিশাখা জানিয়েছিল, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যেসব নাগরিকের জন্ম ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে, তাদের জন্য হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ তৈরি করে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।
হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর। এরপরে ভোটাররা দাবি, আপত্তি ও সংশোধনের জন্য ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। সংশোধনকারী কর্তৃপক্ষ দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করেছে ১৭ নভেম্বর। এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৮ নভেম্বর, যা নির্বাচনের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।








