মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বলিউডে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দীপিকা পাড়ুকোন, এবং তার নতুন ছবিতে জুটি বেঁধেছেন দক্ষিণী সিনেমার সুপরিচিত তারকা আল্লু অর্জুন। নির্মাতা অ্যাটলির পরিচালনায় এই নতুন সিনেমা নিয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে চোখধাঁধানো তথ্য, যা নেটিজেনদের হতবাক করেছে।
সিনেমার চূড়ান্ত নাম এখনও ঘোষণা করা হয়নি; আপাতত এর নাম রাখা হয়েছে ‘এএ২২এ৬’। সিনেমার বাজেট ৭০০ কোটি রুপি, যার মধ্যে ২৬০ কোটি রুপি ভিএফএক্স এবং ২৫০ কোটি রুপি পরিচালক, হলিউড টেকনিশিয়ান ও অভিনয়শিল্পীদের জন্য সংরক্ষিত। প্রধান চরিত্রের পারিশ্রমিক হিসেবে আল্লু অর্জুনের জন্য রাখা হয়েছে ১৭৫ কোটি রুপি, এবং দীপিকার পারিশ্রমিকও অত্যন্ত বড় অঙ্কের।
নির্মাতা অ্যাটলি বলেন, “আর কয়েক মাস শুধু অপেক্ষা করুন। ক্রমশ সব তথ্য সামনে আনা হবে। এমন কিছু দেখবেন যা আগে কখনও দেখেননি। শুটিং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। এই ধরনের প্রজেক্টের নির্দিষ্ট রূপরেখা থাকে না, তাই ধীরে ধীরে প্রত্যেক ধাপ এগোচ্ছি। নতুন মেজাজে অডিয়েন্সের জন্য একটি কাজ উপহার দিতে চাই।”
প্রসঙ্গত, অ্যাটলি মূলত তামিল চলচ্চিত্র নির্মাতা, তবে ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা নির্মাণের মাধ্যমে তিনি দেশের দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।








