বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অভিযোগ করেছেন, বাংলাদেশের জ্বালানি ঘাটতির পেছনে মূলত রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরাই দায়ী। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
ফাওজুল কবির বলেন, ‘বাসাবাড়ি ও শিল্পকারখানায় অবৈধ লাইনের কারণে জ্বালানি ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় লাইন দেওয়া হয়েছে দুর্নীতি করতে, টাকা সরানোর জন্য। জানে যে গ্যাস সরবরাহ সম্ভব নয়, তারপরও এমন করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘আমরা প্রাকৃতিক গ্যাস বাড়তি দামে আমদানি করতে বাধ্য হচ্ছি। কিন্তু এলপিজি আমদানি সহজ ও খরচ কম, তাই এই ক্ষেত্রে কাজ করা উচিত।’
উপদেষ্টা উল্লেখ করেন, এলপিজির দাম কমাতে সব পক্ষকে নিয়ে কাজ করা প্রয়োজন। দায়িত্বহীন ব্যবসা বন্ধ করতে হবে এবং শিল্প কারখানায় এলপিজি সরবরাহের মাধ্যমে খরচ কমানো যায় কিনা তা খতিয়ে দেখতে হবে। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশগ্রহণ করেন এবং নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।








