ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ভগ্নিপতি মো. আহাদ আলী (৬০)। মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, ফজলুল হক (৬৫) ও তার ছোট বোনের স্বামী আহাদ আলী একই বাড়িতে বসবাস করতেন। আহাদ আলী প্রায়ই রাতে বাইরে চায়ের দোকানে আড্ডা দিতেন এবং দেরি করে বাড়ি ফিরতেন। প্রতিদিন রাতে ফজলুল হককে গেট খুলে দিতে হতো, এ নিয়েই তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা দিত।
ঘটনার দিনও আহাদ আলী রাতের খাবার খেয়ে বাইরে যান। আড্ডা শেষে রাত সাড়ে ১২টার দিকে ফিরে গেট খোলার বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফজলুল হক ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে আহাদ আলীর পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।








