বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪ হাজার ডলার ছাড়িয়েছে। মার্কিন স্বর্ণের ডিসেম্বর ফিউচার ০.৯% বেড়ে প্রতি আউন্স ৪,০০৯.৯০ ডলারে পৌঁছেছে। স্পট মার্কেটেও স্বর্ণের দাম প্রতি আউন্স ৩,৯৮৬.২৯ ডলারে পৌঁছেছে, যা সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৩,৯৮৮.৫৯ ডলারে পৌঁছেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন সরকারের অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। জানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট পিটার গ্রান্ট বলেন, ‘সরকারের অচলাবস্থার কারণে এবং নিকট ভবিষ্যতে সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় নিরাপদ আশ্রয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। তাই এখনো স্বর্ণের ভালো চাহিদা রয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, অনিশ্চয়তার সময় ও কম সুদের হারের পরিবেশে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প। চলতি বছর এখন পর্যন্ত এই ধাতুর মূল্য ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধির পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে সুদের হার কমানোর প্রত্যাশা, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি স্বর্ণ ক্রয়, ETFs-এর চাহিদা বৃদ্ধি এবং ডলারের দুর্বলতা।
এদিকে, যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। মঙ্গলবার শাটডাউনের সপ্তম দিনে প্রবেশ করেছে, ফলে মূল অর্থনৈতিক সূচকগুলোর প্রকাশ স্থগিত রয়েছে। বিনিয়োগকারীরা ফেডের সুদের হার কমানোর সময় ও পরিমাণ অনুমানের জন্য সেকেন্ডারি ও অ-সরকারি ডেটার উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
অন্য মূল্যবান ধাতুর দামের অবস্থাও ঊর্ধ্বমুখী। মঙ্গলবার স্পট সিলভার ০.৯% কমে প্রতি আউন্স ৪৮.১০ ডলারে, প্লাটিনাম ০.৫% বেড়ে ১,৬৩৩.৯০ ডলারে এবং প্যালাডিয়াম ৩.২% বেড়ে ১,৩৬১.৩৭ ডলারে পৌঁছেছে।








