শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসক বাবাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছেলের ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম খোরশেদ আলম (৬৮), যিনি পৌরশহরের ছিটপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলম রোগীদের ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে পৌরশহরের মধ্যবাজার এলাকায় একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হলে তাকে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন দেশ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান নিশ্চিত করেছেন, “এ ধরনের ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”








