বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের মতামত ও গণশুনানি ছাড়াই এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তারিক উল্যাহ প্রাক-নিকারের সচিব কমিটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
ডিমান্ডিং জাস্টিস নোটিশে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী অঞ্চলের প্রায় ৮০ লাখ মানুষের কোনো বক্তব্য শোনা হয়নি, কোনো আলোচনা বা মতবিনিময় সভা হয়নি এবং গণশুনানিও আয়োজন করা হয়নি। এর ফলে এ সিদ্ধান্ত ‘ন্যাচারাল জাস্টিস’-এর পরিপন্থী এবং সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণের প্রাধান্য দেওয়ার যে নীতি রয়েছে তা লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়।
আইনজীবী তারিক উল্যাহ আরও বলেন, নোয়াখালী নতুন বিভাগ হবে কিনা, বিদ্যমান বিভাগেই থাকবে নাকি নতুন কোনো বিভাগের সঙ্গে যুক্ত হবে—এটা একান্তই নোয়াখালীর মানুষের সাংবিধানিক অধিকার। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লব বিভাগের জন্য হয়নি, অথচ জুলাই সনদে একপাক্ষিকভাবে বিভাগের প্রসঙ্গ তোলা বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ।
নোটিশে সাত দিনের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনজীবী, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বয়ে একটি দক্ষ প্যানেল গঠন করে গণশুনানি আয়োজনের মাধ্যমে নোয়াখালীর মানুষের মতামত নিয়ে বিভাগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সচিব কমিটি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে নোয়াখালী অঞ্চলের মানুষজন এ বিষয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।








