বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ শুরু হলে আসিফ সরাসরি উপস্থিত না থাকলেও বিশ্বস্ত সূত্রে তার মনোনয়ন ফর্ম কেনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আসিফ ক্যাটাগরি ‘এ’ থেকে নির্বাচন করবেন। এ ক্যাটাগরিতে ভোটার সংখ্যা শুরুতে ৭১ জন থাকলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এর আগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন আসিফ।
শনিবার দুপুর পর্যন্ত আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ক্যাটাগরি ‘বি’ থেকে ফর্ম নিয়েছেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি ‘সি’ থেকে মনোনয়ন তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এছাড়া খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে ফর্ম নিয়েছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও মনোনয়ন ফর্ম নিয়েছেন রাহাত শামস।
গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি থেকে নির্বাচিত হন একজন পরিচালক। এছাড়া এনএসসি থেকে মনোনীত হন আরও দুজন পরিচালক।
শনিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে মনোনয়ন ফর্ম বিতরণ। শুরুতে দুই দিন (২৬ ও ২৭ সেপ্টেম্বর) সময় নির্ধারণ করা হলেও ভোটার তালিকা চূড়ান্তে দেরি হওয়ায় শেষ পর্যন্ত একদিনই ফর্ম কেনার সুযোগ দেওয়া হয়।
বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলসহ সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। এবার সংগীতশিল্পী আসিফ আকবরের অংশগ্রহণ নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।








