শারদীয় দুর্গা পূজার আনন্দে এবার দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হলো তিনটি নতুন সিনেমা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একদিনে মুক্তি পেয়েছে ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘উদীয়মান সূর্য’। যদিও তেমন প্রচার-প্রচারণা হয়নি, তবু দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন ধাঁচের তিনটি গল্প উপহার দিচ্ছে নির্মাতারা।
সাবা
মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমা ‘সাবা’ বিশ্বব্যাপী বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার ঢাকাসহ ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মা ও মেয়ের ভালোবাসার গল্প ঘিরে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও রোকেয়া প্রাচী।
স্বপ্নে দেখা রাজকন্যা
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে মুক্তি পেল দেশের ২৭টি প্রেক্ষাগৃহে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। রোমান্টিক ঘরানার এ ছবিটি তরুণ দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করছেন নির্মাতারা।
উদীয়মান সূর্য
মুক্তিযুদ্ধভিত্তিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এসএম শফিউল আযম পরিচালিত ‘উদীয়মান সূর্য’। উত্তাল সময়ে জন্ম নেওয়া এক অমলিন প্রেমের কাহিনি সিনেমাটির মূল উপজীব্য। এতে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর।
দুর্গা পূজার মৌসুমে মুক্তিপ্রাপ্ত এ তিন সিনেমা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে। যদিও বড় বাজেট বা বিশাল প্রচারণা নেই, তবে ভিন্নধর্মী গল্প ও অভিনয়শিল্পীদের উপস্থিতি দর্শকদের হলে টানতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








