বাংলাদেশ প্রথমবারের মতো ফুটসাল এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিয়েছে। শুরুটা হয়েছিলো রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২-০ গোলের পরাজয় দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা, যেখানে ৭-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে তারা, কিন্তু সেই ম্যাচেও হেরে যায় ৮-২ গোলের ব্যবধানে।
ফুটসাল এশিয়ান কাপ বাছাইপর্বের তিন ম্যাচে বাংলাদেশ হজম করেছে মোট ২৭টি গোল, আর নিজের গোলসংখ্যা মাত্র ৩। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে কোন গোল দিতে পারেনি রাহবার-আজিমরা। দ্বিতীয় ম্যাচে ফায়েদ আজিম গোল করে দেশের আন্তর্জাতিক ফুটসালে প্রথম গোলদাতা হিসেবে কীর্তি গড়েন। শেষ ম্যাচে দুটি গোল করে বাংলাদেশকে সামান্য সান্ত্বনা দেন ইন্তিসার মোস্তফা চৌধুরী।
বাছাইপর্বের আগে বাংলাদেশের ফুটসাল দলকে কোচিং দিয়েছেন ইরানের কোচ সাইদ খোদারাহমি, যিনি বাফুফের সিদ্ধান্তে প্রথম মিশনে দায়িত্ব পান। প্রথমবারের টুর্নামেন্টে কোনো জয় পাওয়া সম্ভব হয়নি। তবে দলের এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে।








