সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।
বৈদেশিক সংগ্রহ শাখার উপসচিব আরিফুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের চাল আমদানি ও বাজারজাতকরণের সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা। তারা জানান, ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
এর প্রেক্ষিতে গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। তবে পূর্ব নির্ধারিত আমদানির সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে টানা ৮ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে, ফলে ভারতীয় অভ্যন্তরে লোডিং করা চালবোঝাই ট্রাকগুলো সময়মতো বাংলাদেশে প্রবেশ করতে পারবে কিনা—এ নিয়ে শঙ্কা ছিল।
আমদানিকারকরা জানান, সরকারের এ সময় বৃদ্ধি সিদ্ধান্তে তাদের দুশ্চিন্তা কেটে গেছে। এখন অব্যাহতভাবে চাল আমদানি সম্ভব হবে এবং খোলাবাজারে চাল সরবরাহ বৃদ্ধি পাবে, যার ফলে বাজারও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ২ হাজার ৭৫৮ ট্রাকে ১ লাখ ৯ হাজার ৬০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।








