রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট, খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিছার আলী, সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আকাশ, ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার সহ আরও ৮ জন।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ও রাতের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নেতাদের। গ্রেফতারদের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতার অভিযান ছাত্রসংগঠন ও রাজনৈতিক অঙ্গসংগঠনের নিয়মিত নজরদারি এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এই অভিযান রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি’র সচেষ্ট ভূমিকার অংশ।








