জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে শাপলা প্রতীক না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস লিখেন, “নির্বাচন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এর মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাচ্ছে না।”
তিনি প্রশ্ন তোলেন, “নিবন্ধনের সময়ই শাপলা প্রতীকের কথা উল্লেখ করা হয়েছিল। তাহলে ওই তালিকায় প্রতীক যুক্ত করা কার দায়িত্ব ছিল? এতদিন কি নির্বাচন কমিশনের কর্মকর্তারা শুধু নাটক দেখেছেন? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান বা দলের কথায় উঠবস করেছেন?”
সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো বিকল্প নেই। নাহলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটাও আমরা দেখে নেব।”
এদিকে, দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে।”








