দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে হঠাৎ করেই বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় সূত্র জানায়, গত রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে বিএসএফ। বেড়াটি নির্মাণ করা হয় বিরামপুর সীমান্তের ২৯১/২৯ এস বাংলা পিলার থেকে মাত্র ১০ গজ দূরে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতের আঁধারে বিএসএফ এই বেড়া নির্মাণ করেছে। ইতোমধ্যেই বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত বেড়াটি অপসারণ করা হবে।”
স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্ত থেকে নির্দিষ্ট দূরত্বে যেকোনো স্থাপনা বা বেড়া নির্মাণ করতে হয়। কিন্তু বিএসএফের এমন পদক্ষেপ বাংলাদেশি সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিজিবি আশ্বস্ত করেছে, এ বিষয়ে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হবে।








