আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএসের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হয়েছে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে, যা চলবে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এই টানা ৯৬ ঘণ্টায় গ্রাহকেরা কিছু নির্দিষ্ট সেবা ব্যবহার করতে পারলেও ক্যাশ-ইন ও ক্যাশ-আউটের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।
ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের সময় অবৈধ অর্থের প্রভাব ঠেকাতে সব ধরনের ব্যক্তিগত (পারসোনাল) এমএফএস অ্যাকাউন্টে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা বন্ধ রাখা হয়েছে। ফলে এই সময়ে কোনো এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকেরা অ্যাকাউন্টে টাকা জমা দিতে বা নগদ টাকা তুলতে পারবেন না। এ কারণেই বিকাশ ও নগদের অ্যাপে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট অপশন নিষ্ক্রিয় দেখা যাচ্ছে।
সেন্ড মানিতে নতুন সীমা
জরুরি প্রয়োজনে এক গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে টাকা পাঠানো বা ‘সেন্ড মানি’ চালু থাকবে। তবে এতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। অর্থাৎ দিনে মোট ১০ হাজার টাকার বেশি সেন্ড মানি করা যাবে না।
রিচার্জ ও পেমেন্ট স্বাভাবিক
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি) পরিশোধ এবং কেনাকাটার পেমেন্ট আগের মতোই স্বাভাবিক রাখা হয়েছে। এসব ক্ষেত্রে কোনো নতুন সীমা আরোপ করা হয়নি।
শিক্ষা ও জরুরি সেবা ফি
শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধ এবং বিভিন্ন সরকারি জরুরি সেবার ফি প্রদানেও কোনো বাধা নেই। এসব লেনদেন প্রচলিত নিয়মেই চালু থাকবে।
কেন এই বিধিনিষেধ
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনের সময় ভোট কেনাবেচা বা নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের ব্যবহার ঠেকাতেই এই সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে সব এমএফএস সেবা আগের মতো পূর্ণাঙ্গভাবে চালু হবে।
সাময়িক অসুবিধার জন্য বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।








