দেশজুড়ে শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা এখনও বেশি। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’, যা দেশের আবহাওয়া স্বাভাবিক করতে পারে।
বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানিয়েছেন, চলতি মাসের ২৮ অথবা ২৯ অক্টোবর থেকে বৃষ্টিবলয় ‘আঁখি’ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে দেশের বেশিরভাগ এলাকায় পর্যায়ক্রমে বৃষ্টিপাত হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয় হওয়ায় কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সময়ে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতোমধ্যেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকালে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং নামকরণ হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেয়া নাম। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঘূর্ণিঝড় মন্থা সিভিয়ার সাইক্লোন হিসেবে রূপ নিতে পারে।
দেশের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি, নদী ও সমুদ্রবন্দর সংলগ্ন এলাকাগুলোতে পানি বন্দী, নদী তীরবর্তী এলাকায় সম্ভাব্য ঝুঁকি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হচ্ছে। আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন, ‘আঁখি’ প্রবেশের পর দেশের তাপমাত্রা কমবে এবং আবহাওয়া স্বাভাবিক হবে।








