মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে। খবর বিবিসি জানিয়েছে, ৯০,০০০ বর্গফুট আয়তনের একটি নতুন বলরুম নির্মাণ করা হবে।
সংবাদে বলা হয়েছে, সোমবার নির্মাণকর্মীরা ইস্ট উইংয়ের একটি প্রবেশপথ ও জানালার বড় অংশ ভেঙে ফেলে। ট্রাম্প জানিয়েছেন, এটি সম্পূর্ণ আধুনিকীকরণ করা হচ্ছে, তবে বিদ্যমান কাঠামোর সঙ্গে প্রায় অনুরূপ রাখা হবে। তিনি বলেন, “এটি আমার প্রিয় জায়গা, আমি এটি খুব পছন্দ করি।”
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলরুম নির্মাণের ঘোষণা দিয়ে লিখেছেন, এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ, যেখানে জমকালো পার্টি, রাষ্ট্রীয় সফর এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য মানুষ সমাগম করতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকল্পটি ব্যক্তিগত উদ্যোগে উদার দেশপ্রেমিকদের অর্থায়নে করা হচ্ছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
হোয়াইট হাউসের ইস্ট উইং ১৯০২ সালে নির্মিত হয় এবং শেষবার ১৯৪২ সালে সংস্কার করা হয়েছিল। যদিও হোয়াইট হাউজ ও সংলগ্ন পার্কগুলো ন্যাশনাল পার্ক সার্ভিস পরিচালনা করে, তবু কাঠামোর সংস্কারের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে।








