খুব দ্রুতই আকর্ষণীয় অফার নিয়ে মগবাজার ব্যতীত নবীন ফ্যাশনের অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, “ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করা হওয়ায় এবারের ঈদ আনন্দ উৎসব চলবে ১৫ দিন-ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালু থাকবে। নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চায়না ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসবের বিষয় জানাবেন—ইনশাআল্লাহ।”
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, “আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয়, আমরা ব্যবসা বন্ধ করে দেব। আমি আবার প্রবাসে ফিরে যাব। মনে হয়, বাংলাদেশে ব্যবসা করা কঠিন।”
পরবর্তীতে মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি যুক্ত করে স্ট্যাটাস দেন এনামুল হাসান নবীন। ছবিতে তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গীকে দেখা গেছে।
ফেসবুক পোস্টে নবীন লিখেছেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব—ইনশাআল্লাহ।”








