হংকং পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে লম্বা ভ্রমণের ক্লান্তি আর টানা ম্যাচ খেলার ধকল বিবেচনায় প্রথম দিনটি কেটেছে রিকোভারি সেশনে। এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকং-চায়নার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লাল-সবুজদের সামনে। ঘরের মাঠে করা ভুলের পুনরাবৃত্তি এড়াতেই এখন পুরো মনোযোগ কাবরেরা শিষ্যদের ফিটনেস ও মানসিক প্রস্তুতিতে।
ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরতে সাহস পাচ্ছেন না। তবে দলের ভেতরে আছে নতুন উদ্দীপনা ও হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোর দৃঢ় প্রত্যয়। হংকং সিটিতে পা রেখেই সেই প্রতিজ্ঞা আরও দৃঢ় করেছেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘আমরা লম্বা জার্নি করে এসেছি। তার আগের দিনও হাই ইন্টেন্স ম্যাচ খেলেছি। তাই ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন ছিল। রিকোভারির মধ্য দিয়েই দিনটা কাটিয়েছি, কারণ পর্যাপ্ত বিশ্রাম না হলে ইনজুরির ঝুঁকি থাকে—আমরা সে ঝুঁকি নিতে চাই না।’
ঘরের মাঠে ইনজুরির কারণে সেরা একাদশ পাননি কাবরেরা। তবে সুখবর, চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ সেন্টার-ডিফেন্ডার তপু বর্মণ। তিনি জানান, ‘ঘরের মাঠের ভুল আর হবে না, হংকংয়ে আমরা আরও দৃঢ়ভাবে খেলব।’
এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে বিদেশের মাঠে। এবার আবারও অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজরা। প্রতিপক্ষরা যদি বাইরে গিয়ে পয়েন্ট তুলতে পারে, তাহলে বাংলাদেশ কেন নয়—এমন আত্মবিশ্বাস নিয়েই নামবে জামাল-তপুরা। দ্বিতীয় লেগে একাদশে দেখা যেতে পারে কয়েকটি কৌশলগত পরিবর্তনও।
ঘরের মাঠের ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে হংকংয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এখন গোটা দলের মুখে মুখে। জয় ছাড়া অন্য কোনো ফল মানতে রাজি নয় তারা।








